আইপ্যাডের নতুন মডেলে ৮ বছরের ছন্দপতন!

২৩ অক্টোবর, ২০২৩ ০৯:৫৯  

গত আট বছর থেকে অক্টোবরে নতুন আইপ্যাড নিয়ে আসে অ্যাপল। তবে এবার তার ব্যতিক্রম হবে বলে জানিয়েছেন ব্লুমবার্গের প্রধান সংবাদদাতা মার্ক গুরম্যান।

অ্যাপলের তথ্যদাতা ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদনে অনুযায়ী, আগামী বছরের মার্চে আইপ্যাডের নতুন মডেল বাজারে আনবে অ্যাপল। ইউএসবি সিযুক্ত নতুন অ্যাপল পেন্সিল বসন্তের আগে বাজারে আসলেও নতুন মডেলের আইপ্যাড মার্চের আগে ছাড়বে না অ্যাপল।

কোম্পানিটি কয়েক বছর ধরে এগারো প্রজন্মের আইপ্যাড, সপ্তম প্রজন্মের আইপ্যাড মিনি ও ষষ্ঠ প্রজন্মের আইপ্যাড এয়ার নিয়ে কাজ করছে। আইপ্যাড এয়ারে নতুন এম২ চিপ ও আইপ্যাড মিনিতে এ১৬ চিপ ব্যবহার করা হতে পারে। আগামী মার্চে এই ডিভাইসগুলো বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে।

এ নিয়ে মার্ক গুরম্যান বলেছেন, প্রথম প্রজন্মের অ্যাপল পেন্সিল ও নবম প্রজন্মের আইপ্যাড বিক্রিও বন্ধ করবে অ্যাপল। এই পদক্ষেপ খুব শিগগিরই হবে কারণ লাইটনিং পোর্ট যুক্ত আর কোনো ডিভাইস উৎপাদন হবে না।
এদিকে ম্যাকের নতুন ডিভাইস নভেম্বরে উন্মোচনের সম্ভাবনা রয়েছে। গত দুই বছর থেকে আইম্যাকের ডিজাইনে কোনো পরিবর্তন হয়নি। তবে ২৪ ইঞ্চির নতুন আইম্যাক এ মাসের শেষে বাজারে আসতে পারে।

এ ছাড়া ২০২৪ সালের শেষে বা ২০২৫ সালের শুরুতে ফোল্ডেবল আইপ্যাড বাজারে আসতে পারে বলে ডিজিটাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। ট্যাবলেট বাজারে শীর্ষে রয়েছে অ্যাপল। যদিও চলতি বছরে অ্যাপলের ট্যাবলেট বিক্রি ১৬ দশমিক ৮ শতাংশ কমেছে। কারণ বিশ্বে ট্যাবলেটের বাজার ছোট হয়ে আসছে।
চলতি বছরে ট্যাবলেটের বাজারে বিক্রি ২৯ দশমিক ৯ শতাংশ কমেছে। তবে ফোল্ডেবল আইপ্যাডের মাধ্যমে অ্যাপল বিশ্বের ট্যাবলেটের বাজারকে চাঙা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।